
মালদা: দলিল জাল করে এক ব্যক্তির সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ। মালদা রেজিস্ট্রি অফিসে দলিলের পাতা বদল করে ক্রেতার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় আটক এক যুবক। মালদা আদালতের আইনজীবীরা ওই যুবককে আটক করে ইংরেজবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়। আইনজীবীর দাবি, মালদার মকদমপুর এলাকার বাসিন্দা অসীম মিশ্র নামে এক ব্যক্তি মোথাবাড়ি এলাকায় তাঁর ২০ শতক জমি প্রায় চার লক্ষ টাকার বিনিময়ে মোথাবাড়ির এক ব্যক্তির কাছে বিক্রি করেন। কিন্তু, রহস্যজনকভাবে রেজিস্ট্রি অফিসে জমা হওয়া দলিল অভিযুক্তরা ফিরিয়ে এনে দলিলের পাতা বদল করে জমির পরিমাণ বাড়িয়ে নেয়। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন জমির মালিক তথা বিক্রেতা। এভাবে জাল দলিলের সাহায্যে জমির পরিমাণ বাড়িয়ে নিয়ে ওই ব্যক্তির সমস্ত সম্পত্তি কিনে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

এবিষয়ে মালদা রেজিস্ট্রি অফিস এবং আইনজীবীদের দ্বারস্থ হন প্রতারিত অসীম মিশ্র। এই ঘটনায় আজ মালদা আদালতে যোসেফ মনসুর রহমান নামে এক যুবককে ধরে ফেলেন কয়েকজন আইনজীবী। জাল দলিলের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছেন আইনজীবীরা। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। রেজিস্ট্রি অফিসের কোনও কর্মী এই চক্রের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আরও কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।