
মালদা: মালদার কালিয়াচকে ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে কড়া অভিযানে নামল পুলিশ। কালিয়াচক চৌরঙ্গী এলাকায় বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়াচক ট্রাফিক বিভাগের ওসি রাজু দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ট্রিপল রাইডিং, বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের সময় একাধিক মোটরসাইকেল আটক করা হয় এবং বেশ কয়েকজন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জরিমানা করা হয়েছে। শুধু ট্রাফিক আইন প্রয়োগ নয়, দীর্ঘদিনের যানজট সমস্যায় জর্জরিত কালিয়াচক চৌরঙ্গীকে যানজটমুক্ত করতেও বিশেষ উদ্যোগ নিতে দেখা যায় ট্রাফিক পুলিশকে।

রাস্তার ধারে বেআইনি পার্কিং সরানো, অবৈধ টোটো ও অটো স্ট্যান্ড নিয়ন্ত্রণ এবং বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে নজরদারি। এ বিষয়ে সুজাপুরের বিজেপি মণ্ডল সভাপতি কমল কৃষ্ণ দাস বলেন, “দীর্ঘদিন ধরে কালিয়াচক চৌরঙ্গী এলাকায় তীব্র যানজটের কারণে সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হতো। পুলিশের এই উদ্যোগে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আমরা আশাবাদী।” পুলিশ প্রশাসনের এই অভিযানে সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের আশা, নিয়মিত এ ধরনের অভিযান চললে কালিয়াচক চৌরঙ্গী এলাকায় ট্রাফিক ব্যবস্থা আরও শৃঙ্খলাবদ্ধ হবে এবং যানজট সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।