
মালদা , ২৯ অক্টোবর : হেলমেট নেই, লাইসেন্স দেখতে চাওয়ায় বচসা! ট্রাফিক ওসিকে ঘুষি মারার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে, গ্রেপ্তারের পর জেল হেফাজতে ধৃতরা।
হেলমেট ছাড়া বাইক চালানোর সময় বাইক থামিয়ে লাইসেন্স দেখতে চেয়েছিলেন ট্রাফিক ওসি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বচসা থেকে ট্রাফিক ওসিকে ঘুষি মারার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় রক্তাক্ত হন কর্তব্যরত ট্রাফিক ওসি। তার নাকে তিনটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কাগাচিরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাগাচিরা থেকে একটি বাইকে চেপে দুই যুবক পুখুরিয়ার দিকে যাচ্ছিলেন। তাদের দু’জনের মাথাতেই হেলমেট ছিল না বলে অভিযোগ। সেই কারণে তাদের বাইক থামিয়ে লাইসেন্স দেখতে চান কর্তব্যরত ট্রাফিক ওসি। অভিযোগ, লাইসেন্স দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক ওসির সঙ্গে দুই যুবকের বচসা শুরু হয়। সেই সময় তাদের মধ্যে একজন ওসির নাকে ঘুষি মারেন বলে অভিযোগ। এতে রক্তাক্ত হন ট্রাফিক ওসি। পরে তার নাকে তিনটি সেলাই পড়ে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবকের বাড়ি পরানপুর এলাকায়। তারা সম্পর্কে দাদা-ভাই। ঘটনার পর পুখুরিয়া থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।