আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে দৌলতপুর কলোনিতে সংঘর্ষ, লাঠি-ইটের আঘাতে জখম একাধিক

Spread the love

মালদা, 30 : নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর কলোনি এলাকা। বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যের চোখের সামনেই চলল তুমুল মারামারি। লাঠিসোঁটা থেকে শুরু করে ইট, যা হাতের কাছে পাওয়া গিয়েছে, তা নিয়েই একে অপরের উপর হামলার অভিযোগ। গ্রামবাসী ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে রক্তাক্ত হন দু’পক্ষের একাধিক ব্যক্তি। ঘটনায় চার-পাঁচজন গ্রামবাসী আহত হওয়ার পাশাপাশি বিজেপি পরিবারের সদস্যরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর কলোনি এলাকায় প্রায় ৩০০টি পরিবারের বসবাস। দীর্ঘ কয়েক বছর ধরে অধিকাংশ পরিবারের নোংরা জল ও আবর্জনা রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় ফেলা হচ্ছিল। দিনের পর দিন আবর্জনা জমে কার্যত নোংরা স্তূপে পরিণত হয়েছিল জায়গাটি। সেই আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন গ্রামবাসীরা।

অভিযোগ, সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুইয়ের মামা সতীশ রায় গ্রামবাসীদের কাজে বাধা দেন। তা নিয়েই প্রথমে শুরু হয় বচসা। ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় গ্রামবাসী ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ। মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা ও ইট নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন দু’পক্ষের লোকজন।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আবর্জনা পরিষ্কারের মতো একটি বিষয়কে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দৌলতপুর কলোনিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *