
মালদা, ১৩ অক্টোবর : দুধ দিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি। জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল চালকের। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুরগামী ৮১ নম্বর জাতীয় সড়কে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়। মৃতের নাম দীপক দাস (৫৫)। তাঁর বাড়ি কাশিমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সাইকেলে করে দুধ দিতে পাশের পিপলা গ্রামে যাচ্ছিলেন দীপকবাবু। কাশিমপুর থেকে জাতীয় সড়কে ওঠার সময় তুলসীহাটার দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এরপর লরির চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর লরিটি ফেলে চালক ও খালাসি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘাতক লরিটি আটক করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে কাশিমপুর এলাকায়।
https://addlinks.pro/Uvt4Z
https://addlinks.pro/ATuOv