
মালদা, ১৩ সেপ্টেম্বর : মানিকচকের ভূতনি এলাকায় গঙ্গার জলস্তর কিছুটা কমলেও এখনও কাটেনি বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ। বহু গ্রাম এখনও জলমগ্ন। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রবিবার মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন।
এদিন জেলা প্রশাসনের উদ্যোগে ভূতনির দুর্গতদের জন্য শুকনো খাবার, বেবি ফুড, আলু, মশারি-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। দীর্ঘদিন ধরে জলবন্দি থাকা মানুষের কাছে জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ত্রাণ বিলি কর্মসূচি আরও জোরদার করতে এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। বৈঠকে ভূতনির বর্তমান পরিস্থিতি এবং দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার, শ্রীনিবাস পাটিল-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রবিবার থেকে টানা ১৫ দিন ভূতনি এলাকার দুর্গত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন ও ব্যবসায়ী মহল সমন্বয় করে দুর্গতদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে।