রাহুল গান্ধীর লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ছয় পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতি

Spread the love

মালদা , ১৭ অক্টোবর : রাহুল গান্ধীর রাজনৈতিক লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ছয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের অঞ্চল সভাপতি। হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের টাল বাংরুয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তাঁরা কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। পাশাপাশি টাল বাংরুয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির দুই সদস্যও কংগ্রেসে যোগ দেন। এই দলবদলকে ঘিরে দৌলতনগর এলাকার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দৌলতনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি মোবাইদুর রহমানের নেতৃত্বে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেসে যোগ দেন পঞ্চায়েত সদস্য আতাউর রহমান, শিষ মহম্মদ, আরজাউল হক, রজিনা খাতুন, মানারুল হক ও আব্দুর রহমান। তাঁদের পাশাপাশি তৃণমূলের দৌলতনগর অঞ্চল সভাপতি আনারুল আলম এবং টাল বাংরুয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মাতিন ও মহম্মদ হাবিবুল্লা কংগ্রেসে যোগ দেন। একটি গ্রাম পঞ্চায়েতের ছয় সদস্যের পাশাপাশি অঞ্চল সভাপতির দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাহুল গান্ধীর রাজনৈতিক লড়াইয়ে অনুপ্রাণিত হয়েই তাঁরা কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মোস্তাক আলম, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, জেলা পরিষদের সদস্য মহম্মদ আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর–১ ও ২ ব্লক কংগ্রেস সভাপতি যথাক্রমে বিমান বিহারী বসাক ও মহম্মদ হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর–২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মাধবী দাস, প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কুণাল কান্তি চৌধুরী, কংগ্রেস নেতা আবজল হোসেন ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আমেরুল হক সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *