
অভিজিৎ চৌধুরি, মালদা , ১২ অক্টোবর : বাড়ির কাছেই উদ্ধার বিজেপির বুথ সভাপতির ছেলের মৃতদেহ। ‘খুন’ করা হয়েছে দাবি পরিবারের, দাবি বিজেপিরও। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য মালদার গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, মৃত বিপ্লব মুর্মু(২২)। মৃত যুবকের বাবা মাঝি মুর্মু ওই বুথের বুথ সভাপতি। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বের হয় বিপ্লব। রাত নটা নাগাদ শেষবার মায়ের সঙ্গে কথা হয় তাঁর। প্রায়ই বেশি রাতে বাড়িতে ফিরত বিপ্লব। গতকাল রাতে বাড়িতে ফেরেনি। ভোরে মৃত্যুর ঘটনা জানতে পারেন পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছযন মালদার অতিরিক্ত পুলিশ সুপার কুণাল বারনাবাস। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর মূল কারণ ময়না তদন্তের পরেই জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে এক মহিলা ওই যুবককে বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। এরপরই পরিবারকে খবর দেওয়া হয়। তবে এটি স্বাভাবিক মৃত্যু নয় এমনটাই দাবি পরিবারের।
মৃত বিপ্লবের বাবা মাঝি মুর্মু দীর্ঘদিন ধরে বিজেপির নেতা। এলাকার বুথ সভাপতি। রাজনৈতিক কারণে ছেলে খুন হয়ে থাকতে পারে। এছাড়া এক মহিলার সঙ্গেও তার প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সংক্রান্ত কোনও সমস্যা থেকেও খুন হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করুক। দাবি বিজেপি নেতা ও বুথ সভাপতি মাঝি মুর্মু-র।
এদিকে ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপি। রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা বিজেপির।