
মালদা, ৫ অক্টোবর : রাতে বাইকে করে বাড়ি ফেরার পথে এক যুবককে পথ আটকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। আগুনের হাত থেকে কোনওরকমে প্রাণে বাঁচলেও পুড়ে যায় তাঁর বাইক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ জাহাঙ্গীর নামে ওই যুবক চাঁচল থেকে কোনুয়া হয়ে বাইকে করে বেজপুরায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন। বেজপুরা গ্রাম সংলগ্ন একটি ব্রিজের কাছে পৌঁছতেই দুই ব্যক্তি তাঁর পথ আটকায় বলে অভিযোগ। প্রথমে তাঁর বাইক থামিয়ে দেওয়া হয়। এরপর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, আগুন লাগার পর জাহাঙ্গীর রাস্তায় গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তাঁর বাইকটিও পুড়ে যায় বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।