
মালদা: বামনগোলায় তৃণমূল নেতার ওপর ‘ডিম থেরাপি’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য বামনগোলা ব্লক এলাকায় এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক তৃণমূল নেতার ওপর ‘ডিম থেরাপি’-র ভিডিও। জানা গিয়েছে, ওই নেতার নাম টিঙ্কু কুণ্ডু। তিনি বামনগোলা ব্লক আইএনটিটিইউসি (INTTUC)-র সহ-সভাপতি পদে রয়েছেন। সম্প্রতি তাঁর ওপর ডিম ছোঁড়ার একটি ভিডিও হঠাৎ করেই নেটমাধ্যমে পোস্ট করা হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওর পোস্টে লেখা হয়েছে, “পাকুয়াহাটের দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার ওপর পড়ল ডিম থেরাপি। যাঁরা এতদিন ধরে জমি মাফিয়াগিরি চালিয়ে পাকুয়াহাটকে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে রেখেছিলেন, তাঁদের এমন পরিণতিই হবে। আস্তে আস্তে আরও দেখতে পাবেন।” এই ভিডিও এবং মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় ব্যাপক রাজনৈতিক জল্পনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।