বন্দেমাতরমের ১৫০ তম বর্ষপূর্তি উদযাপন

Spread the love

মালদা, ২৫ সেপ্টেম্বর : কোটি কোটি কণ্ঠে দেশজুড়ে গাওয়া হলো ‘বন্দেমাতরম’। সারা দেশের পাশাপাশি মালদাতেও বিদ্যা ভারতীর উদ্যোগে ‘বন্দেমাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উদযাপন করা হলো। শুক্রবার সকাল ১১টা নাগাদ মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকায় সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী দীপক বর্মন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্মের উত্তরসূরি সজল চ্যাটার্জী, বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী, বৈষ্ণবনগর বিধায়ক রাজু কর্মকার -সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ সংগীত পরিবেশনের পাশাপাশি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই ঐতিহাসিক সংগীতের তাৎপর্য নিয়েও আলোচনা হয়।


উদ্যোক্তাদের দাবি, শুক্রবার সকাল ১১টা নাগাদ বিদ্যা ভারতীর উদ্যোগে সারা দেশের প্রায় ২৬ হাজার বিদ্যালয়ে একযোগে ‘বন্দেমাতরম’ পরিবেশন করা হয়। ওই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্যরা অংশ নেন। দেশাত্মবোধের আবেগে কোটি কোটি কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হয় ‘বন্দেমাতরম’।
মালদার অনুষ্ঠানেও ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে গাওয়া হয় ‘বন্দেমাতরম’। ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *