
মালদা , ২৫ সেপ্টেম্বর : ভুয়ো ফর্ম বিলি করে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়ি বাড়ি পাঁচ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। টাকা না দিলে নাম কেটে দেওয়ার হুমকি। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ভিডিও। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। সমগ্র ঘটনায় তৃণমূল এবং কংগ্রেসকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে কটাক্ষ বিজেপির। সাফাই কংগ্রেস নেতৃত্বের। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপুরে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রঞ্জন স্বর্ণকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ রঞ্জন স্বর্ণকার আবাসের ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তাদের বাড়িতে এসে একটি ফর্ম দেয়।সাথে পাঁচ হাজার টাকা কাটমানি দাবি করে।সাথে হুমকি দেয় কাটমানি না দিলে আবাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। পরবর্তীতে অভিযোগকারী জানতে পারেন ওই এলাকার একাধিক বাড়ি থেকে ৫০০০ টাকা করে নিয়েছে ওই পঞ্চায়েত সদস্য। এমনকি যে ফর্ম বিলি করেছে সেই ফর্ম ভুয়ো। সামাজিক মাধ্যমে ফর্ম বিলি করার এবং কাটমানি চাওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা। তারপরেই পলাতক অভিযুক্ত সদস্য। সমগ্র ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের জন্ম কংগ্রেসের গর্ভ থেকে।দুর্নীতি এদের স্বভাব। কিন্তু পালাবদলের বাংলায় এসব চলবে না। অন্যদিকে সাফাই দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।