
মালদা, ১২ অক্টোবর : দায়িত্ব নিয়েই শহরের তিনটি জ্বলন্ত সমস্যা সমাধানে উদ্যোগী হলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি। যানজট, পার্কিং ও টোটো সমস্যা মেটাতে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলেন তিনি। পুজোর আগে শহরবাসীকে এই সমস্যাগুলি থেকে স্বস্তি দিতে একাধিক পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার দুপুরে ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমাশাসক শম্ভুদীপ সরকার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী, ইংরেজবাজার থানার আইসি পঙ্কজ সিং, ট্রাফিক আইসি মহেশ সিং-সহ অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে শহরের যানজট নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিংয়ের সমস্যা এবং টোটোর অবাধ চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিদিনের যানজটে নাকাল শহরবাসীকে স্বস্তি দিতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং পার্কিং সমস্যার স্থায়ী সমাধানের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। পুজোর আগে সমস্যাগুলি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দূর্গা পূজার দশমীর পর ২৬ অক্টোবর থেকে মাইকিং করে পথে নামবে পুরসভা ও জেলা প্রশাসন। শহরের নাগরিক পরিষেবা উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান পুরোপ্রধান অম্লান ভাদুড়ি ও সদর মহাকুমার শাসক শম্ভু দীপ সরকার ।