
মালদা, ৭ অক্টোবর : ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান গঠনের আবহেই তৃণমূল কংগ্রেস ছাড়লেন ১১ জন কাউন্সিলর। চেয়ারম্যান হচ্ছেন বিজেপির অম্লান ভাদুড়ি। তিনি বর্তমানে বিরোধী কাউন্সিলর। বুধবার দুপুরে দলবদ্ধভাবে মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে সদর মহকুমা শাসক শম্ভুনাথ সরকারের হাতে পদত্যাগপত্র তুলে দেন তাঁরা। পদত্যাগের পর নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে দাবি করেন ওই ১১ জন। উল্লেখ্য ইংরেজবাজার পৌরসভা ২৯ আসন বিশিষ্ট। গত নির্বাচনে তৃণমূলের প্রতীকে ২৫ জন জয়ী হয়েছিলেন। তিনজন বিজেপি এবং একজন নির্দল প্রতিকে জিতে ছিলেন। গত দুই বছর আগে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার।

এদিন পদত্যাগকারীদের মধ্যে ছিলেন সুমালা আগরওয়ালা, সুজিত সাহা, শুভময় বসু, সুব্রত সরদার, পলি সরকার, প্রসেনজিৎ ঘোষ, উদয় চৌধুরী, সুমিতা ব্যানার্জি, শিপ্রা রায়, পূজা দাস এবং সঞ্জয় কুমার দে। একসঙ্গে ১১ জন কাউন্সিলরের দলত্যাগের ঘটনায় ইংরেজবাজার পৌরসভার রাজনৈতিক সমীকরণে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
চেয়ারম্যান গঠনের প্রক্রিয়ার মধ্যেই এই পদত্যাগ ঘিরে পৌর রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। পদত্যাগী কাউন্সিলরদের দাবি, দল ছেড়ে তাঁরা বর্তমানে নির্দল হিসেবে থাকবেন। সদর মহকুমা শাসক শম্ভুনাথ সরকার জানান, ১১ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের পর তাঁরা বর্তমানে নির্দল কাউন্সিলর হিসেবে রয়েছেন। সুমালা আগরওয়ালা জানান যে চেয়ারম্যান হবেন তাকে তারা সমর্থন করবেন।