তপন : ঘণ্টেশ্বরী মন্দিরের পাশে মিলল বিরল প্রাচীন শৈলমূর্তি, গ্রামেই সংরক্ষণ ও পুজোর দাবি

Spread the love

তপন, 14 ডিসেম্বর:
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের ঘাটুল গ্রামে এক বিরল ও তাৎপর্যপূর্ণ শৈলমূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘণ্টেশ্বরী দেবীর মন্দির সংলগ্ন এলাকা থেকে শুক্রবার সকালে মূর্তিটি উদ্ধার হয়।

স্থানীয় এক বাসিন্দা বাড়ির কাজের জন্য মাটি তুলতে গিয়ে প্রথমে পাথরের একটি অংশ দেখতে পান। খবর ছড়াতেই গ্রামবাসীরা একত্রিত হয়ে খনন শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে বেরিয়ে আসে বিশাল আকারের খোদাই করা শৈলমূর্তি। ওজন অত্যধিক হওয়ায় শেষ পর্যন্ত জেসিবির সাহায্যে মূর্তিটি তোলা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একটি বড় পাথরের চারদিকে দেবদেবীর শৈল্পিক মূর্তি খোদাই করা রয়েছে। চারদিকের মধ্যে তিনদিকের মূর্তি অক্ষত থাকলেও একদিকের মূর্তির মাথা ক্ষতিগ্রস্ত। স্থানীয় প্রত্ন-অনুরাগীদের মতে, এই ধরনের শৈলমূর্তি এলাকায় আগে কখনও দেখা যায়নি।

জেলার ইতিহাসবিদদের দাবি, মূর্তিটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তাঁদের মতে, জরুরি ভিত্তিতে মূর্তিটির সংরক্ষণ প্রয়োজন এবং একে হেরিটেজ তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত।

মূর্তি উদ্ধারের খবর ঘিরে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সকলের একটাই দাবি—মূর্তিটি গ্রামেই রাখা হোক। ঘাটুল গ্রামের বাসিন্দাদের বক্তব্য, যেহেতু ঘণ্টেশ্বরী দেবীর মন্দির সংলগ্ন এলাকা থেকেই মূর্তিটি মিলেছে, তাই ওই মন্দিরেই স্থাপন করে পুজো হওয়া উচিত।
গ্রামবাসীদের আশা, গ্রামের মানুষ মিলেই এই প্রাচীন শৈলমূর্তির পুজো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *