
মালদা : রাজ্যে পালাবদলের পর মালদহে কংগ্রেসে যোগদানের জন্য শর্তসাপেক্ষে দরজা খুলল কংগ্রেস। তৃণমূলের “ভালো” নেতাদের জন্য কংগ্রেসের দরজা খোলা। তবে যোগদানের আগে জেলা কমিটি, ব্লক কমিটি এবং অঞ্চল নেতৃত্ব থেকে ক্লিনচিট পেতে হবে যোগদানকারীকে। দুর্নীতিগ্রস্ত বা ফৌজদারি মামলা রয়েছে এমন নেতৃত্বকে দলে নেওয়া হবে না। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই অবস্থান কংগ্রেসের। মালদা কংগ্রেস
রবিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল থেকে যোগদানের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করল মালদা জেলা কংগ্রেস। রাজ্যের একমাত্র কংগ্রেস সংসদ তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি ইশা খানচৌধুরী আজ দাবি করেছেন, পালাবদলের পর মালদহ জেলা জুড়ে প্রচুর পঞ্চায়েত বোর্ড, পঞ্চায়েত সমিতির সদস্যরা কংগ্রেসের যোগদানের জন্য যোগাযোগ করেছেন। যোগদানের জন্য নানাদিক থেকে চাপ আসছে। কিন্তু, কংগ্রেস শুধু সংখ্যা বা শক্তিবৃদ্ধির পক্ষে নয়। দুর্নীতিগ্রস্তপূর্ণ নেতাদের কংগ্রেসের ঠাঁই দেওয়া হবে না। আগামী দিনের প্রচুর নির্বাচিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা কংগ্রেসে যোগদান করতে পারেন। সেইজন্যই এই মাপকাঠি নির্দিষ্ট করতে হয়েছে বলে জানিয়েছে মালদা কংগ্রেস।