
কলকাতা, ৫ ডিসেম্বর:
মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ-স্টাইল’ মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে প্রবল রাজনৈতিক চাপানউতোরের মাঝেই হাইকোর্টে বড় স্বস্তি পেলেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির। বুধবার কলকাতা হাইকোর্ট জানায়—এই মুহূর্তে শিলান্যাস অনুষ্ঠান বন্ধ করার মতো কোনো কারণ তারা দেখছেন না। ফলে ৬ ডিসেম্বর নির্ধারিত ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমে আদালত হস্তক্ষেপ করবে না।
তবে আদালত রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে—স্থানীয় প্রশাসনকে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে হুমায়ূন কবিরের মন্তব্য ও ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করে। যদিও কবির স্পষ্ট জানিয়েছেন—“মসজিদ হবেই, পরিকল্পনা পরিবর্তন হবে না।”
হাইকোর্টের এদিনের রায় রাজনৈতিক বিতর্কের মাঝে নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর থাকবে ৬ ডিসেম্বর বেলডাঙায় পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে তার দিকে। বাবরি মসজিদ