মালদায় নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত রায়হান শেখ; জেলা আদালতে যাবজ্জীবন কারাদণ্ড

Spread the love

মালদা, ২১ নভেম্বর : নাবালিকা ধর্ষণের গুরুতর মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন অভিযুক্ত রায়হান শেখ। বৃহস্পতিবার মালদা জেলা আদালতের বিচারক রাজীব সাহা এই রায় ঘোষণা করেন। পাশাপাশি অনাদায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী সার্থক দাস জানান, ঘটনাটি ঘটে ২০২২ সালের ২৭ মার্চ। ওইদিন রায়হান শেখ নামে এক যুবক পরিচিত একটি নাবালিকার বাড়িতে ঢুকে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। রায়হান নাবালিকার বাবার সঙ্গে শ্রমিকের কাজ করত বলে দুই পরিবারের মধ্যে পূর্ব পরিচয় ছিল।

ঘটনার পর নাবালিকার বাবা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে এবং তদন্ত শুরু করে। মামলায় মোট ১৭ জন সাক্ষীর বয়ানের ওপর ভিত্তি করে গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। আজ আদালত তার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *