ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, GI পণ্যে বিশ্ববাজারে বাংলার লক্ষ্য

Spread the love

কলকাতা: রাজ্যের ব্যবসা ও বাণিজ্যকে আরও গতিশীল করতে বুধবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোগপতিদের সুবিধার্থে নতুন ডিজিটাল ও পরিকাঠামোগত পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, ব্যবসায়ীদের পাওনা দ্রুত মেটানোর জন্য চালু হচ্ছে একটি ট্রেড রিসিভেবল পোর্টাল, যা একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সমস্যায় পড়বেন না বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়াও, কলকাতা ও শিলিগুড়িতে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রগুলির মাধ্যমে রাজ্যের পণ্য বিদেশের বাজারে আরও সহজে পৌঁছবে। বিশেষ করে GI (Geographical Indication- GI ) ট্যাগপ্রাপ্ত পণ্য—যেমন দার্জিলিং চা, নকশিকাঁথা, গবিন্দভোগ চাল, হিমসাগর আম ও সুন্দরবনের মধু—বিশ্বদরবারে তুলে ধরাই লক্ষ্য বলে জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজ্যে বর্তমানে ৩৬টি GI ট্যাগপ্রাপ্ত পণ্য রয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা বহুগুণ বাড়ানোর সম্ভাবনা আছে। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার্থে গঠন করা হবে ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড, যেখানে নিয়মিতভাবে ব্যবসায়ীদের সমস্যা ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গে রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও রাজ্য দেশের গড়ের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

সব মিলিয়ে, রাজ্যের ব্যবসা-বাণিজ্যকে আরও মজবুত করা ও স্থানীয় পণ্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতেই এই নতুন উদ্যোগ বলে জানালেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *