
মালদা, ২২ সেপ্টেম্বর : নরেন্দ্র মোদির ২৫ বছর শাসনকাল পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে পরিচ্ছন্নতা ও প্লাস্টিকমুক্ত সচেতনতা অভিযান শুরু করল বিজেপি। ‘বিকশিত ভারতের সংকল্প’ নিয়ে ১৭ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত জেলা জুড়ে এই কর্মসূচি চলবে।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মালদা শহরের গ্রিন পার্ক এলাকায় মহানন্দা নদীর পাড়ে জঙ্গল সাফাই এবং বাঁধ রোডের আবর্জনা পরিষ্কার করা হয়। এদিন ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশ নেন ইংরেজবাজার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলী, সহ-সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, অন্তরা চমপটি, যুব মোর্চার জেলা সম্পাদক বিশ্বজিৎ রায়, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণা নাথ-সহ পুর আধিকারিক এবং বিজেপির নেতা-নেত্রীরা।
পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ‘কমিউনিটি ক্লিনলিনেস ড্রাইভ কমপিটিশন’-এর আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষকে নিজেদের এলাকার পরিষ্কার – পরিচ্ছন্নতার ছবি তুলে ফেসবুকে আপলোড করার পাশাপাশি নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে রিল বানিয়ে প্রচারের আহ্বান জানান এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী। দূর্গা পূজার সময় পুরস্কৃত করা হবে জয়ী প্রতিযোগীদের।