যদুপুরে আন্ডারপাস বিতর্ক: কাজ বন্ধ, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ক্ষোভ ছড়াল গ্রামজুড়ে

Spread the love

মালদা , ৩০ নভেম্বর : রেলের আন্ডারপাস তৈরিতে বাধা। শয়ে শয়ে মহিলা পুরুষ, গ্রামবাসীদের বিক্ষোভ। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিক্ষোভে সরব কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির বিজেপির সাংসদ। মালদার ইংরেজবাজার থানা এলাকার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের ঘটনা। একদিকে বিক্ষোভ অন্যদিকে রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে রেলের আন্ডারপাস তৈরি অথৈ জলে,বন্ধ কাজ, শোরগোল মালদা জুড়ে। আন্ডারপাস বিতর্ক
মালদার জেলা জুড়ে ৩৬ টি আন্ডারপাস তৈরির কাজ শুরু করেছে রেল। ইতিমধ্যেই অর্থ দেওয়া, জমি দেখে সেখানে কাজ শুরু হয়েছে। এরমধ্যেই যদুপুরেও একটা আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছে। যদুপুর হাইস্কুলের পাশে রয়েছে একটা রেলগেট। কিন্তু আন্ডারপাস সেখানে না করে করা হচ্ছে তার থেকে ৫০০ মিটার দূরে, একটা খোলা মাঠে। আর সেখানেই আপত্তি গ্রামবাসীদের। তাঁদের দাবি রেলগেট সংলগ্ন জায়গাতেই করা হোক আন্ডারপাস। তাঁদের আশঙ্কা, মাঠের মধ্যে রেল আন্ডারপাস করলে সমস্যা অনেক। কারণ, ওই মাঠের মধ্যে দিয়ে বা পাশের রাস্তা দিয়ে সাত টি গ্রামের মানুষ যাতায়াত করে। পড়ুয়ারা স্কুলে যায়। আন্ডারপাস হলে অনেক ঘুরে যেতে হবে।তাছাড়া আন্ডারপাস হলে সেখানে সমাজবিরোধীদের আখড়া হবে, রাতে মহিলারা নিরাপদে যাতায়াত করতে পারবে না।পাশাপাশি ওই মাঠ খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানেও কাজে লাগে। কিন্তু তাঁদের দাবি রেল কর্তৃপক্ষ মানতে নারাজ। কারণ রেল গেট সংলগ্ন এলাকায় পর্যাপ্ত জায়গার অভাব। তাই মাঠেই তাঁদের কাজ করতে হবে। ইতিমধ্যেই ঠিকাদার স্বংস্থা কাজও শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয়েছে। জোর করে বন্ধ করে দিয়েছে ঠিকাদার স্বংস্থার কাজ। উল্লেখযোগ্য এটাই যে, বিক্ষোভে সামিল যদুপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বহু কংগ্রেস কর্মীরাও। আন্ডারপাস বিতর্ক

তাঁদের অভিযোগ দক্ষিণ মালদার সাংসদ ইসা খান চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ, ইসা খান চৌধুরীর আলোচনা ও সম্মতি নিয়েই এই কাজ করছে রেল। প্রয়োজনে ইসা খানই হোক বা রেল তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন কংগ্রেস নেতা সহ কর্মীরা। এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকা পরিদর্শন এবং পরিস্থিতি সামাল দিতে এলাকায় যান উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ। তিনি গিয়ে পৌছতেই বিক্ষোভকারী তাঁর কাছে তাঁদের আবেদন রাখেন রেলের আন্ডারপাস রেলগেটের পাশেই করার। খগেন মূর্মূ বিষয়টি খতিয়ে দেখে রেলকে জানাবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু আন্ডারপাস তৈরির কাজ শুরু হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *