
মালদা , ১৪ অক্টোবর : পালা বদলের বাংলায় বাড়ছে পুজোর সংখ্যা। বন্ধ হয়ে যাওয়া দুই শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজো পুনরায় চালু হলো স্থানীয়দের উদ্যোগে। চতুর্থীর দিন ৫১ টা ঢাকের বাদ্যিতে মায়ের আগমন ঘটলো পুজো মণ্ডপে। মালদার হরিশ্চন্দ্রপুরের মিশ্র পাড়ার দুর্গাপুজো। স্থানীয় সূত্রে জানা গেছে একসময় এই পাড়ায় বসবাসকারী মিশ্র পরিবারের লোকেরা এই পূজা চালু করে।কিন্তু পরবর্তীতে মিশ্র পরিবারের লোকেরা পার্শ্ববর্তী পিপলা তে চলে যাওয়াতে পুজো বন্ধ হয়ে যায়। চলতি বছর স্থানীয়দের উদ্যোগে ফের বন্ধ হয়ে যাওয়া এই পুজো চালু হল। উদ্যোক্তাদের দাবি রাজ্যে পালা বদল হওয়ার কারণে সকলে পুজো করার উৎসাহ পেয়েছে। তৃণমূল আমলে একটা ভয় থাকতো।এদিন ৫১ টি ঢাক সহকারে সমগ্র হরিশ্চন্দ্রপুর শোভাযাত্রা করে পুজো মণ্ডপে দেবী প্রতিমার আগমন হয়েছে।মিশ্রপাড়া ত্রিনয়নী ক্লাবের উদ্যোগ সার্বজনীন এই পুজো হচ্ছে। এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।