
মালদা, ১০ নভেম্বর : মালবোঝাই ট্রাকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ সংঘর্ষে মৃত দুই। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফারাক্কার দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল মাল বোঝাই ট্রাকটি। অন্যদিকে রায়গঞ্জের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল একটি ডাম্পার। ডাম্পারটি রং রুটে চলে আসায় মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা চালক ও সহচালক প্রাণ হারান এবং ঘাতক ডাম্পার চালক পলাতক।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ ও টোল প্লাজার উদ্ধারকারী টিম। মৃত দুই জনের নাম সুলতান মন্ডল (২৫) ও আব্বাস(২৬), দুজনের বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে । সংঘর্ষে দুমড়ে যাওয়া গাড়ি দুটোকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।