
মালদা: দিল্লিতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্বরা। আর্থিক সাহায্য করার পাশাপাশি ‘বাংলার বাড়ি’ ও সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দিল্লিতে সেলাইয়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রাম শিমূল গামের বাসিন্দা মহম্মদ রজেবের (৩০)। হতদরিদ্র পরিবার। গ্রামবাসীরা চাঁদা তুলে শনিবার দেহটি গ্রামে নিয়ে আসেন। দুই নাবালক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।

খবর পেয়ে সোমবার সকালে পরিবারটির বাড়িতে ছুটে যায় তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসূন ব্যানার্জি ও জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ব্যক্তিগত ভাবে আর্থিক সাহায্য করেন প্রসূন ও মার্জিনা। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। প্রসূন বলেন, অভাবী পরিবার। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। জেলায় বিষয়টি জানাব। ‘বাংলার বাড়ি’ পাইয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করব।
