
মালদা, ৮ অক্টোবর : দুই সপ্তাহের ব্যবধানে ফের সোনার চেন চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। অভিনব কায়দায় সোনার চেন চুরির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। বৃহস্পতিবার দুপুর পৌনে একটা নাগাদ ইংরেজবাজার থানার বিএস রোড এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, সুশান্ত নিয়োগীর দোকানে সোনার গয়না দেখার নাম করে ঢোকে দুই মহিলা। অভিযোগ, চেন দেখার ছলে প্রায় ১২ গ্রাম ওজনের একটি সোনার চেন হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা। চুরি যাওয়া সোনার চেনটির বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা। সিসি ক্যামেরার ফুটেজে বিএস রোডের পরপর তিনটি দোকানে ওই দুই মহিলাকে ঢুকতে দেখা গিয়েছে। তবে চুরির অভিযোগ সুশান্তবাবুর দোকানে।পরে তাঁদের ছবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে দোকানে পৌঁছন বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার। সঙ্গে সঙ্গে ইংরেজবাজার থানায় খবর দেওয়া হয়। ব্যবসায়ীর পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে বলে জানান স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত নিয়োগী।

উজ্জ্বল সরকার বলেন, দুই সপ্তাহের মধ্যেই শহরে ফের সোনার চেন চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত। ব্যবসার পরিস্থিতি এমনিতেই খারাপ। তার উপর পরপর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্গাপুজোর আগে শহরের সমস্ত স্বর্ণের দোকানে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও চুরি যাওয়া গয়না উদ্ধারের দাবি জানান তিনি।