
মালদা, ২১ অক্টোবর : মহানন্দা নদীতে জল বেশি থাকায় কড়া নিরাপত্তার মধ্যে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে অনুষ্ঠিত হল পিতৃতর্পণ। মহালয়ার পুণ্যলগ্নে শনিবার ভোর থেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে ঘাটে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী।

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনায় তিল, যব ও জল অর্পণ করে পূর্বপুরুষদের স্মরণ করেন তাঁরা। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করে ইংরেজবাজার পৌরসভা। মহানন্দা নদীর ঘাটে তৈরি করা হয় ব্যারিকেড। মোতায়েন করা হয় ইংরেজবাজার থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। পাশাপাশি, নদীতে নামানো হয় স্পিডবোট, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়।
পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে শনিবার ভোর থেকেই ঘাটের পরিস্থিতি পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার কর্মীরা। নদীতে জল বেশি থাকায় তর্পণ পর্বে নিরাপত্তার দিকেই বিশেষ নজর দেওয়া হয়।