সোনার দোকানে অভিনব কায়দায় ৫৫ গ্রাম সোনা চুরি

Spread the love

মালদা, ১ অক্টোবর : ইংরেজবাজার থানার প্রায় ৩০০ মিটার দূরে কে জে স্যান্যাল রোডের ব্যস্ততম গাজোল ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে অভিনব কায়দায় প্রায় ৫৫ গ্রাম সোনা চুরির অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। চুরি যাওয়া সোনার মধ্যে ৫টি চেন ও ৭টি আংটি রয়েছে বলে দোকান মালিকের দাবি। সোনা চুরি
দোকানের মালিক দেবাশীষ চক্রবর্তী জানান, ঘটনার সময় তিনি একাই দোকানে ছিলেন। সেই সময় আরও এক ক্রেতা দোকানে ছিলেন। আচমকা হিন্দি ভাষায় কথা বলা এক ব্যক্তি মাদুলি কিনতে দোকানে ঢোকেন। মাদুলির দাম মেটানোর পর আরও কয়েকটি সামগ্রী দেখতে চান তিনি। সেই সুযোগেই অভিনব কায়দায় সোনার চেন ও আংটির প্যাকেট হাতিয়ে নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি।
ঘটনার পর সমস্ত বিবরণ জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি জানানো হয় বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকারকেও। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সোনার চেন ও আংটির প্যাকেট নিজের মানিব্যাগে ঢোকাতে দেখা গিয়েছে। ফুটেজ-সহ সমস্ত তথ্য পুলিশকে দেওয়া হয়েছে।
উজ্জ্বল সরকার জানান, শহরের বিভিন্ন সোনার দোকানে চুরি ও স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে সংগঠন। দ্রুত অভিযুক্ত গ্রেফতার ও চুরি যাওয়া সোনা উদ্ধার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *