
মালদা ৯ সেপ্টেম্বর : যাত্রী সেজে টোটোতে উঠে ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ। টোটো চালকের তৎপরতায় হাতেনাতে পাকড়াও এক মহিলা যাত্রী। উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় সাড়ে বারো হাজার টাকা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে।
জানা গেছে, মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা জিতেন মণ্ডল মনসা গানের টাকা নিয়ে রথবাড়ি থেকে নেতাজি মোড়ের দিকে টোটোয় করে যাচ্ছিলেন। অভিযোগ, মাঝপথে এক মহিলা যাত্রী টোটোতে ওঠেন। কিছুক্ষণ পর সুযোগ বুঝে ওই মহিলা জিতেন মণ্ডলের ব্যাগ থেকে টাকা বের করে নেন বলে অভিযোগ।
বিষয়টি টের পান টোটো চালক পার্থ রবি দাস। সঙ্গে সঙ্গে তিনি টোটো থামিয়ে ওই মহিলাকে আটক করেন। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি উদ্ধার করা হয় চুরি যাওয়া প্রায় সাড়ে বারো হাজার টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।