মালদায় চালু হলো ‘আমার মালদা’ স্টল, মিলবে আম, রেশম সহ জেলার ঐতিহ্যবাহী পণ্য

Spread the love

মালদা, ৭ জুলাই : জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পকে এক ছাদের নিচে তুলে ধরতে মালদায় চালু হলো ‘আমার মালদা’ নামে বিশেষ বিক্রয়কেন্দ্র। এতদিন জেলার এমন কোনও স্থায়ী স্টল না থাকায় স্থানীয় উৎপাদক ও পর্যটকদের নানা সমস্যার মুখে পড়তে হতো। সেই অভাব পূরণ করতেই মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা সমবায়িকা প্রাঙ্গণে মঙ্গলবার এই স্টলের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী জয়েল মুর্মু, সাংসদ খগেন মুর্মু, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, বিধায়ক অম্লান ভাদুড়ী, গোপাল সাহা, গৌড় মণ্ডল, মালদা ম্যাংগো মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি উজ্জ্বল সাহা-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।


‘আমার মালদা’ স্টলে জেলার বিখ্যাত আম থেকে তৈরি বিভিন্ন খাদ্যসামগ্রী, মাখনা, আচার, জ্যাম, জেলি, মিষ্টান্নের পাশাপাশি স্থানীয় শিল্পীদের হাতে তৈরি নানান হস্তশিল্পের সামগ্রী বিক্রি করা হবে। এর ফলে একদিকে যেমন স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারিগরদের পণ্যের বাজার সম্প্রসারিত হবে, অন্যদিকে মালদায় আগত পর্যটকেরাও সহজেই জেলার ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র পণ্য এক জায়গায় কিনতে পারবেন।


জেলা প্রশাসনের আশা, ‘আমার মালদা’ স্টল জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও স্থানীয় শিল্পকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও নতুন গতি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *