
রায়গঞ্জ, ৭ জুলাই : পশ্চিমবঙ্গ জীবিকা সেবক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিরিক্ত গ্রাম রোজগার সেবক (Additional Gram Rojgar Sevak) হিসেবে জীবিকা সেবকদের স্বীকৃতি ও দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণের দাবিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের উদ্দেশ্যে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
সংগঠনের দাবি, ২০০৯ সাল থেকে জীবিকা সেবকরা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে জীবিকা উন্নয়ন, কৃষি, জল সংরক্ষণ, উদ্যানপালন, পশুপালনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রশিক্ষিত কমিউনিটি রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পরবর্তীতে মনরেগা প্রকল্পের সফল বাস্তবায়নের স্বার্থে তাঁদের অতিরিক্ত গ্রাম রোজগার সেবক হিসেবে কাজের দায়িত্বও দেওয়া হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করলেও জীবিকা সেবকরা এখনও নিয়মিত সম্মানী, চাকরির নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই তাঁদের অতিরিক্ত গ্রাম রোজগার সেবক হিসেবে সরকারি স্বীকৃতি, বকেয়া সম্মানী প্রদান এবং স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
রাজ্যের একাধিক জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সংগঠনের আশা, রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।