
মালদা, ২২ নভেম্বর : গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরও ছয়জন। মৃতদের মধ্যে রয়েছেন এক গৃহবধূ এবং গর্ভবতী মহিলার পেটে থাকা সন্তান। মালদায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনা
শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মালদার পুখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায়। জানা গেছে, ভিটা পলাশ বোনা এলাকার বাসিন্দা গর্ভবতী বিউটি খাতুনকে কুমারগঞ্জ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল একটি অ্যাম্বুলেন্সে। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। মালদায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনা

কুতুবগঞ্জ এলাকায় পৌঁছনোর পর একটি বেপরোয়া ট্রাক্টর হঠাৎই অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা সাতজনই গুরুতর জখম হন।
আহতদের তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাবিয়া বিবি নামে এক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় গর্ভবতী বিউটি খাতুনের পেটে থাকা সন্তানেরও মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বিউটি খাতুনকে পরে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিত্সার জন্য কলকাতায় রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।