
মালদা, ১২ এপ্রিল : রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু। রবিবার সকালে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে নামেন তিনি। শুরুতে মন্ডলপাড়া এলাকার রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী। এরপর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন চাওয়া হয়।

কখনো পায়ে হেঁটে, কখনো খোলা জিপে, আবার কখনো মোটরবাইকে চেপে গোটা এলাকায় প্রচার চালান আশীষ কুন্ডু। এই প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, যুব তৃণমূল নেতা সৌভিক মন্ডল, শ্রমিক নেতা ক্ষুদিরাম মিস্ত্রি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই প্রচারের গতি বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে মালদা জেলার ১২ টি আসনেও অনুষ্ঠিত হবে নির্বাচন।