SIR আতঙ্ক : নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যগত ত্রুটিই কি প্রাণ কাড়ল তৃণমূল কর্মী বরকত শেখের?

Spread the love

মালদা ১৩ ডিসেম্বর : নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে তীব্র SIR আতঙ্কে এক তৃণমূলের বুথ লেভেল এজেন্ট (BLA-2) কর্মীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। মালদার কালিয়াচক ৩ নং ব্লকের এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা তৈরী হয়। জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর নাম বরকত শেখ (৩২), বাড়ি কালিয়াচক ৩ নং ব্লকের চকসেহেরদি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ কালিয়াচক ৩ নং বিডিও অফিসের বাইরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এদিকে বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূলের বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রশুল শেখের পরিবর্তে শুধু ‘শেখ’ লেখা ছিল। এই তথ্যগত ত্রুটি বরকত শেখকে মারাত্মক উদ্বেগে ফেলে দেয়। আর এই ত্রুটি দেখতে পেয়েই বরকত শেখ দ্রুত বিডিও অফিসে ছুটে আসেন। কিন্তু সেখানেও তিনি কোনও সদুত্তর পাননি। এমনকি তাঁর নাম সংশোধন হবে বা তালিকায় উঠবে এমন কোনও নিশ্চয়তা তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কিত হয়ে তিনি বিডিও অফিসের বাইরে আসতেই হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। শোক ও ক্ষোভে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই বৈষ্ণবনগর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে ভিড় নিয়ন্ত্রণ করে। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *