ভুতনিতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, জলের তলায় থানা—যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

Spread the love

মালদা , ৮ সেপ্টেম্বর : মালদার ভুতনিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবার ডুবল ভুতনি থানাও। নতুন করে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ভূতনি সেতুর সংযোগকারী রাস্তাতেও জল এসে পৌঁছনোয় যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মুখে পড়তে চলেছেন লক্ষাধিক মানুষ। ভাঙা নদী বাঁধ দিয়ে হু হু করে লোকালয়ের দিকে ঢুকছে গঙ্গা নদীর জল।

উত্তরের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি আর গঙ্গার বৃদ্ধির জেরে মালদহে ক্রমশ বাড়ছে গঙ্গা নদীর জল। একইসঙ্গে অবনতি হয়েছে মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতি। আজ মালদার মানিকচকে গঙ্গার জলস্তর বেড়ে দাঁড়ায় ২৫.৭৯মিটার। যা চরম বিপদ সীমার ৪৯ সেন্টিমিটার বেশি।

গত দুই বছরের মতো এবারও ফের গঙ্গার জলে ডুবল মালদার ভুতনি থানা। থানা এবং আশপাশ চত্বর জল থৈথৈ পরিস্থিতি। থানার নিচের তলায় একাধিক ঘরে জল ঢুকে পড়ায় অস্থায়ীভাবে উত্তর চন্ডিপুর ফাঁড়ি মোড়ে ক্যাম্প তৈরি করেছে পুলিশ। সেখানেই বসে থেকে সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ শুনছেন কর্তব্যরত পুলিশ। ইউনিফর্ম ছেড়ে নৌকৌয় চেপে জলবন্দি ভুতনিতে ডিউটি করছে পুলিশ। নিজেদের থানাতেই পুলিশকর্মীদের ঢোকা ও বেরনো কার্যত বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *