পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরের শুভ সূচনা পুরাতন মালদায়

Spread the love

পুরাতন মালদা, ১৫ জুন: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হল পুরাতন মালদায়। সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ পুরাতন মালদার সাহাপুর এলাকার একটি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই শিবিরের শুভ সূচনা করা হয়।জানা গিয়েছে, প্রায় ৩০টি সরকারি প্রকল্পকে কেন্দ্র করে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদার জেলা শাসক রাজনবীর সিং কপুর। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযুষ শালুঙ্কি, এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু,বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিডিও অনিক রায় সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।এই শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে এবং সরাসরি পরিষেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষভাবে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, আয়ুষ্মান ভারতসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা ও আবেদন সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।

এছাড়াও ব্লক প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিষয়েও শিবিরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। জানা গিয়েছে, ভবিষ্যতে সাধারণ মানুষ যাতে সোলার প্যানেলের সুবিধা গ্রহণ করতে পারেন, সেই বিষয়েও সচেতনতা ও তথ্য প্রদান করা হচ্ছে। এদিন জেলাশাসক খোদ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন।প্রশাসন সূত্রে খবর, আগামী ১৭জুন পর্যন্ত চলবে এই জনকল্যাণ শিবির, যেখানে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা এক ছাতার নিচে পেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *