
মালদা: রবিবার সুজাপুর এলাকার একটি জলাশয় থেকেই পচাগলা এক মধ্যবয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ। যদিও মৃতের নাম ও পরিচয় জানতে পারে নি পুলিশ। জামাপ্যান্ট পরা ওই ব্যক্তির দেহটি পুকুরের জলে উল্টো হয়ে ভাসছিল। যেটা এদিন স্থানীয় কয়েকজন মানুষের নজরে আসে। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহে পচন ধরে গিয়েছিল। শরীরের এবং মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। ফলে মনে করা হচ্ছে দুই থেকে তিন দিন আগেই ওই ব্যক্তির মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এটা খুন না কোন দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্টের পরে পরিষ্কার ভাবে বলা যাবে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদার কালিয়াচক থানার পুলিশ।