
মালদা ২০ ফেব্রুয়ারি : ঘরের মধ্যে মাঝ বয়সী এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! ঘটনায় খুনের অনুমান পরিবার সহ গ্রামবাসীদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক মালদার ইংরেজবাজার থানার মিলকি অঞ্চলের খাসকোল কীর্ত্তনভিটা এলাকায়। পুলিশ জানায়, মৃত মহিলার নাম দয়া চৌধুরী। বয়স ৪৬ বছর। তার দুই মেয়ে, এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে।স্বামী গত এক বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মহিলা একাই বাড়িতে থাকতেন। বড়ি ও নারু বিক্রি করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি মেয়েদের সঙ্গে ফোনে কথা বলে ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকালে গোয়ালা তার বাড়িতে দুধ দিতে যান। অনেক ডাকাডাকি করেন। রক্তাক্ত দেহ
কিন্তু তিনি ঘর খোলেন নি। এরপর তার এক মেয়ে সহ পাড়া প্রতিবেশিরা গিয়ে ঘরের দরজা ভাঙেন। আর দরজা ভাঙতেই তারা লক্ষ্য করেন ঘরের মেঝেতে দয়া চৌধুরী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। গোটা ঘর রক্তে ভেসে গেছে। পাশেই পড়ে রয়েছে একটি ইট। যা দেখে পরিবার সহ গ্রামবাসীরা সন্দেহ করেন, কেউ বা কারা ওই মহিলাকে খুন করেছে। যদিও খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেন নি। এদিকে এই খবর পেয়ে মিলকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রক্তাক্ত দেহ