
মালদা: কালী পূজা মন্ডপে ঢুকলেই দেখা যাচ্ছে মহাভারতের বিভিন্ন দৃশ্য কোথাও কুরু পাণ্ডবের পাশা খেলা, কোথাও আবার দ্রৌপদীর বস্ত্রহরণ। আবার একটু আগালেই দেখা যাচ্ছে কর্ণের রথের চাকা বসে গিয়েছে। কাছেই আবার দুর্যোধনের উরু ভঙ্গ করছে ভীম। কিছুদূর এই যুদ্ধক্ষেত্রে শর শয্যায় শুয়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। এমনটাই নানা ঘটনার চিত্র মহাভারতের ফাইবারের মডেল এবং ছবি দিয়ে সাজানো হয়েছে কালী পূজার মন্ডপ। মন্ডপে ঢুকলেই মনে হবে মহাভারতের যুগে চলে এসেছি। আর এবছর এই অভিনব থিমের আয়োজন করেছে
হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সর্বজনীন কালী পূজা কমিটি। হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গনে এই অভিনব থিম নির্মাণ দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার কচি থেকে বৃদ্ধরা।

ব্রিটিশ আমলে ইংরেজ শাসকরা হরিশ্চন্দ্রপুরে ১৮৯৬ সালে একটি থানা প্রতিষ্ঠা করে ছিল সীমান্ত সংলগ্ন এলাকার শাসন করার জন্য। ধীরে ধীরে এই থানা স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা নেয় মালদা জেলার মধ্যে। স্বাধীনতা লাভের পর থেকে এলাকার বাসিন্দারা এবং পুলিশ আধিকারিকদের আবাসনের সদস্যরা যৌথ ভাবে এই থানায় শুরু করে কালীপুজো। ১২০ বছরের বেশি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে পুজোর। কিন্তু ভক্তি মহিমা ও পুজোর অভিনবত্বের কারণে আজও এলাকার বাসিন্দারা এই পুজো দেখতে ভিড় করেন।এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী হরিশ্চন্দ্রপুর থানা কালী পূজা কমিটির কর্ণধাররা। পূজোর কয়েকটি দিনে সমগ্র জেলা থেকে বহু মানুষের ভিড় হয়। অভিনব থিম দেখতে এবারও রেকর্ড সংখ্যক ভিড় বলে আশা উদ্যোক্তাদের। শুধুমাত্র মালদা জেলা থেকে নয় পার্শ্ববর্তী বিহার থেকেও মানুষ আসে পূজো দিতে এই মন্দিরে। এই মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি।