মালদায় ভোটে কড়া নিরাপত্তা: ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ভয়মুক্ত নির্বাচনের আশ্বাস প্রশাসনের

Spread the love

মালদা, ১৩ এপ্রিল । ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন । ওইদিন মালদাতে ভোট অনুষ্ঠিত হবে । আর এবারে মালদায় নির্বাচনে এক কোম্পানির কেন্দ্রীয় মহিলা জওয়ানসহ মোট ১৭০ কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মালদা এসে পৌঁচেছে । খুব দ্রুত আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মালদায় আসতে চলেছে। সোমবার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং । তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পদস্থ কর্তারা উপস্থিত হয়েছিলেন। এবারের ভোট সম্পূর্ণ ভয়, প্রলোভন, ছাপ্পা, বুথ জ্যাম, এমনকি কোনওরকম প্ররোচনা ছাড়া অনুষ্ঠিত হবে বলেও জেলাশাসক জানিয়েছেন। তিনি বলেন, ভোটারদের বুথে আসতে কোথাও বাঁধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে কমিশন। সমস্ত পোলিং বুথ এবং আশপাশ এলাকায় থাকবে ক্যামেরার নজরদারি। এদিন দুপুরে জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক, পুলিশ সুপার, কেন্দ্রীয় বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিকরা নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপার জানান, অতি উত্তেজনাপ্রবন বুথগুলিকে ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কাজকর্মে যুক্তদেরকেও চিহ্নিত করা হয়েছে। ভোটে কোনওরকম গোলমাল পাকানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রতি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া যেসব জায়গায় একই এলাকায় দুই বা তার বেশি বুথ রয়েছে সেখানে এক সেকশন থেকে দুই সেকশন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভোটে সিভিক ভলান্টিয়ারদের কোনওরকম কাজে লাগানো যাবে না। ভোটের তিনদিন আগে থেকেই সিভিক ভলান্টিয়ার বা গ্রীন পুলিশ কোনওরকম আইনশৃংখলার কাজ করবেন না। এমনকি ইউনিফর্ম পড়েও তাঁরা বাইরে বের হতে পারবেন না। ইতিমধ্যেই কমিশনের তরফে এমনই নির্দেশিকা এসেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক রাজনবীর সিং কাপুড়। এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবার মালদহে ভোট গণনার কাজ হবে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *