
মালদা, ২৫ মার্চ : মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার এবং সভাপতি আব্দুর রহিম বক্সী।
সাংবাদিক বৈঠকে আব্দুর রহিম বক্সী অভিযোগ করে বলেন, দেশের নির্বাচন কমিশনের মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলাতেও একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করা হয়েছে। জেলা শাসক, পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, এই বদলির মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মনমতো অফিসারদের নিয়োগ করা হয়েছে।

এছাড়াও তিনি দাবি করেন, গত বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপির প্রার্থী থাকা এক মহিলার স্বামী জয়ন্ত কান্তকে মালদা জেলার বৈষ্ণবনগর ও মানিকচকসহ বিভিন্ন এলাকায় পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানিয়ে সাংবাদিক বৈঠকে তার এবং তার স্ত্রীর ছবি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হয়।