
মালদা , ২৯ জানুয়ারি : পিএইচই দপ্তরের বাড়ি বাড়ি জল সংযোগ থাকা সত্ত্বেও মিলছে না পানীয় জল। জল সংকটে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা।পানীয় জলের দাবিতে হাতে বালতি নিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে বৈরাট পি.এইচ.ই. দপ্তরের মাধ্যমে খোকরা গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়।প্রথমদিকে নিয়মিত জল মিললেও,কিছুদিনের মধ্যেই জল আসা বন্ধ হয়ে যায়।এরপর থেকে দীর্ঘদিন ধরেই অনিয়মিত জল সরবরাহ চলছে।এই সমস্যা নিয়ে একাধিকবার পিএইচ দপ্তর ও সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন গ্রামবাসীরা।অভিযোগ,বারবার জানানো সত্ত্বেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ।কেউ পুকুরের জল দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন,কেউ আবার সেই জলই পান করছেন বলে অভিযোগ।গ্রামবাসীদের বক্তব্য,যদি সময়মতো জল না পাই,তাহলে বাড়ি বাড়ি কানেকশন দিয়ে লাভ কী।আমাদের এলাকায় জাবরাতে জল প্রকল্প থাকা সত্ত্বেও সেখানে থেকে জল আনা হয়নি। প্রায় ৫ কিলোমিটার দূরের বৈরাট থেকে লাইন এনে সংযোগ করা হয়েছে। তাতেই এই সমস্যা হচ্ছে।

পানীয় জলের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, অবিলম্বে নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। নচেৎ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।ঘটনা জানাজানি হতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার, কবে এই গ্রামের মানুষের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হয়।