
মালদা, ২৪ জুন : কালিয়াচকে একসময়ের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখ-কে কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরানোকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট থেকে শুরু করে একাধিক গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই তার নাম জড়িয়ে ছিল। এলাকায় তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, অভিযোগ থাকা সত্ত্বেও বহু সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের কারণে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি।
স্থানীয়দের অভিযোগ, একসময় বকুল শেখের নামই ছিল আতঙ্কের প্রতীক। দিনদুপুরে দাপট দেখিয়ে অপরাধমূলক কাজ চালিয়ে যেত সে। বহু পরিবার তার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল বলেও অভিযোগ।
রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগি অপরাধীদের বিরুদ্ধে ধরপাকড় আরও জোরদার হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই পুলিশ বকুল শেখকে গ্রেপ্তার করে। পুলিশি নিরাপত্তায় তাকে এলাকায় ঘোরানো হলে বহু মানুষ ভিড় জমান। দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটছে বলে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।