
মালদা, ৭ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছে বিজেপি। মঙ্গলবার সকালে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ইংরেজবাজার পুরসভার ২০, ২১ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রচারের সময় অম্লান ভাদুড়ি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে যানজট, ভাগাড়ের সমস্যা এবং পরিশ্রুত পানীয় জলের অভাবের বিষয়গুলি উল্লেখ করেন তিনি। এলাকার উন্নয়নের লক্ষ্যে বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রার্থী। এদিন কোঠাবাড়ি, গয়েশপুর, রেল কলোনি, কাজী আজাহার উদ্দিন পৌরবাজার সহ একাধিক এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

বিরোধীদের ‘দলবদলু’ অভিযোগের জবাবে অম্লান ভাদুড়ি বলেন, রাজ্যজুড়ে বহু নেতা-নেত্রী দল পরিবর্তন করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রীও একসময় কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছেন। ইংরেজবাজারের তৃণমূল প্রার্থীও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে, মানুষের ব্যাপক সাড়া পেয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান বিজেপি প্রার্থী।