
মালদা, ২ নভেম্বর : কালীপুজো ও ছট উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, সদর মহকুমাশাসক সম্ভুদীপ সরকার-সহ জেলা ও পুরসভার বিভিন্ন আধিকারিক।
বৈঠক শেষে মন্ত্রী নৌকায় চেপে রামকৃষ্ণ মিশন ঘাট-সহ মালদা শহরের বিভিন্ন বিসর্জন ও ছটের ঘাট পরিদর্শন করেন। পাশাপাশি জেলার বড় কালীপুজোগুলির প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে কালীপুজো ও ছটের ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মালদায় এসেছেন। চোরবাজারের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখবে প্রশাসন। কারও প্ররোচনায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে। বিভিন্ন ঘাটে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, স্পিডবোট ও নৌকা রাখা হবে। নিরাপত্তা ও নজরদারিতে কোনও খামতি রাখতে চায় না প্রশাসন।