ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Spread the love

মালদা ৩ সেপ্টেম্বর : ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শরিফুল আনসারী (২৩)। তাঁর বাড়ি মালদহ জেলার গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের নাকরাকুরি গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শরিফুল। কাজ শেষে ট্রেনে বাড়ি ফেরার পথে উড়িষ্যা রাজ্যের কালিজাই স্টেশনের কাছে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

শরিফুলের সঙ্গে আরও দু’জন ব্যক্তি ছিলেন। তাঁরাই ফোন করে বাড়িতে খবর দেন শরিফুলের মৃত্যুর কথা। খবর পাওয়ার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে নাকরাকুরি গ্রামে।
পরিবারে রয়েছেন বাবা-মা এবং দুই ভাই। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেন। তবে পরিবারের অন্যতম প্রধান উপার্জনকারী ছিলেন শরিফুল। মাত্র ২৩ বছর বয়সে তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে কার্যত দিশেহারা পরিবার।

এই মুহূর্তে শরিফুলের মৃতদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। মৃতদেহ এখনও নাকরাকুরি গ্রামের বাড়িতে পৌঁছয়নি। প্রিয়জনের শেষবারের মতো মুখ দেখার অপেক্ষায় রয়েছে শোকস্তব্ধ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *