দশ বছরেও পানীয় জল নেই, বালতি-কলসি নিয়ে মহিলাদের বিক্ষোভ

Spread the love

মালদা , ২৩ আগষ্ট : পিএইচই প্রকল্প বসানোর প্রায় ১০ বছর পরেও পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত তিন শতাধিক পরিবার। জলের দাবিতে রবিবার সকালে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন মহিলারা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গনদীয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে আলিনগর গ্রামে পিএইচই প্রকল্প বসানো হয়। কিছু পরিবার জল পেলেও অধিকাংশ পরিবার এখনও পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ। গ্রামে পাইপলাইন বসানোর পাশাপাশি বাড়ি বাড়ি সার্ভে করা হয়েছিল। প্রায় বছরখানেক আগে ফের সার্ভে করে আধার কার্ডের জেরক্স নেওয়া হলেও অনেক বাড়িতে এখনও ট্যাপকলের সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান ও রান্নার কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। অনেক নলকূপ বিকল, আবার কোথাও ঠিকমতো জল ওঠে না। অন্যের বাড়ি থেকে জল আনতে গেলেও দুর্ব্যবহারের শিকার হতে হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মুসবেরা খাতুন, প্রতিমা পোদ্দার ও নুসরত বিবিরা বলেন, দীর্ঘ ১০ বছর ধরে জল পাচ্ছি না। সবার জল কিনে খাওয়ার সামর্থ্য নেই। দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *