
মালদা, ৪ জুন : গত কয়েকদিন ধরে মালদা জেলাজুড়ে চলছে তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গুমট গরম। বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সকাল থেকেই সূর্যের তেজ বাড়তে থাকায় রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটাই কম। দুপুরের দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠে। বিশেষ করে সকাল ৯টার পর থেকেই তাপমাত্রার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তারা ছাতা, টুপি ও গামছা ব্যবহার করে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। গরম থেকে স্বস্তি পেতে ডাবের জল, শরবত ও লস্যির দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায়।

টানা কয়েকদিনের এই অস্বাভাবিক গরমে সাধারণ মানুষের মধ্যে চরম অস্বস্তি তৈরি হয়। অনেকেই বলছেন, এই আবহাওয়া সহ্য করা কঠিন হয়ে পড়ছে। বৃষ্টির অভাবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশিষ্ট চিকিৎসক ডা. রাহুল বোস জানিয়েছেন, এই ধরনের গরমে পর্যাপ্ত জল পান করা, ছায়াযুক্ত স্থানে থাকা এবং দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া উচিত। পাশাপাশি তৈলাক্ত ও ভারী খাবার এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি। স্থানীয় এক বাসিন্দা চন্দন দাস বলেন, সকাল থেকেই অসহনীয় গরম। যদি সামান্য বৃষ্টিও হয়, তবেই কিছুটা স্বস্তি মিলবে। মালদা আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানিয়েছেন, কয়েকদিন ধরে তীব্র গরম পড়েছে। ৪ থেকে ১০ জুন পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা দুই ডিগ্রি বেশি বলে জানান তিনি। সব মিলিয়ে বৃষ্টির অপেক্ষায় দিন কাটাচ্ছে মালদার মানুষ, আর মনে ঘুরছে একটাই প্রার্থনা “আল্লাহ মেঘ দে, পানি দে।”
https://shorturl.fm/2k9nR
https://shorturl.fm/CDGeD