
মালদা , ২৯ জানুয়ারি : সন্তান প্রসবের জন্য গিয়ে ভুল চিকিৎসার শিকার। প্রসূতির সিজারিয়ান অপারেশনের সেলাই করলেন ভুয়ো চিকিৎসক। অপারেশনের মূল দায়িত্বে থাকলেন একজন অর্থোপেডিক্স। সন্তান প্রসবের পরেই শারীরিক অবস্থার অবনতি। পরবর্তীতে রেফার। ভুল চিকিৎসার কারণে বর্তমানে দুটি কিডনি নষ্ট ওই মহিলার। পরিবারের গুরুতর অভিযোগ শুধু ভুল চিকিৎসা নয়, হয়ে ছিল কিডনি পাচারের চেষ্টা।ন্যায় বিচার এবং ক্ষতি-পূরণের দাবিতে আদালতের দ্বারস্থ পরিবার। আদালতের নির্দেশে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু। প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা। ঘটনা সামনে আসতেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। সাফাই তৃণমূলের। মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত সামসি এলাকার সমাজসেবা নার্সিংহোমের ঘটনা। ২০২৫ সালের ১৯ আগস্ট পুখুরিয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা রেশমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

প্রথমে নার্সিংহোম কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। পরবর্তীতে অবস্থা আরো খারাপ হলে তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতায় এসএসকেএম হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ১৩ অক্টোবর তাকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা জানান তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। রিপোর্ট হাতে আসার পর রোগীর পরিবারের অভিযোগ অপারেশনের সময় রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অথবা কিডনি পাচারের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে ক্ষতি করা হয়েছে। এই মুহূর্তে ওই গৃহবধূর নিয়মিত ডায়ালিসিস চলছে। শারীরিক অবস্থা আশঙ্কা জনক। আরো অভিযোগ অপারেশনের সময় সেলাই করে ছিলেন নার্সিংহোমের মালিক মোঃ আনারুল ইসলাম। যিনি কোন স্বীকৃত চিকিৎসক নন। মূল অপারেশন করে ছিলেন ডঃ তাপস কুমার বণিক। যিনি একজন অস্থি চিকিৎসায় ডিপ্লোমাধারী চিকিৎসক। রোগীর পরিবারের পক্ষ থেকে মহকুমা প্রশাসন জেলা প্রশাসন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়। সুবিচারের জন্য দ্বারস্থ হন আদালতে। চাঁচল মহকুমা আদালতের বিচারকের নির্দেশে অবশেষে চলতি মাসের ১৯ তারিখ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজু করে রতুয়া থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে অঙ্গ পাচারের আশঙ্কার কথা উল্লেখ করেও পৃথক তদন্তের দাবি করা হয়েছে। সাথে দাবী করা হয়েছে ক্ষতি-পূরণের। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি জানে না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে জেলা জুড়ে কি ভাবে ব্যাঙের ছাতার মতো একের পর এক নার্সিংহোম গজিয়ে উঠছে। যেখানে থাকছে না সঠিক পরিকাঠামো। মানা হচ্ছে না নিয়ম। স্বাস্থ্য দপ্তরের নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। বিজেপির অভিযোগ এই রাজ্যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে স্বাস্থ্যের নামে ব্যবসা চলছে।যদিও তৃণমূলের দাবি উপযুক্ত পদক্ষেপ নেবে প্রশাসন।