
মালদা , ১৮ জুলাই : সরকারি জায়গা চুরি। আর সেই জায়গাতেই তৈরি তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস। অভিযোগ এখানেই শেষ নয় ! ড্রেনের জায়গা জবর দখল করে লজও তৈরীর অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ দায়ের থানায়। মালদার ইংরেজবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অশোক সাহার বিরুদ্ধে এইরকমই এক প্রস্থ অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকরা।

নাগরিকদের অভিযোগ, চার নম্বর ওয়ার্ডের উমা রায় সরণি রাস্তার ধারে তৃণমূল কাউন্সিলরের একটি লজ রয়েছে। আর এই লজে ঢোকার রাস্তা নাকি হাইড্রেন জবরদখল করে তৈরি করা হয়েছে। রাস্তার ঠিক উল্টোদিকে রয়েছে তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস। অভিযোগ সেই পার্টি অফিস নাকি রাজ্য সরকারের আরআইসি ডিপার্টমেন্টের জায়গা দখল করে তৈরি করা হয়েছে। এইরকমই একাধিক অভিযোগ তুলে নাগরিকরা সোচ্চার হয়ে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন থানায়।
তবে যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলার অশোক সাহা ক্যামেরার সামনে না আসলেও মৌখিকভাবে তিনি জানান, তার পার্টি অফিস টি আগে একটি ক্লাব ঘর ছিল। কাউন্সিলর হওয়ার পর তাকে সেখানে বসতে বলা হয়েছিল। পৌরসভা যদি মনে করে সেটি অবৈধ তাহলে ভেঙে ফেলবে। অন্যদিকে জায়গা দখল করে লজ তৈরির প্রসঙ্গে তিনি জানান এটি তার রায়তি সম্পত্তি। পৌরসভা চাইলে তিনি তার জায়গার সমস্ত নথি দেখতে পারেন।