
মালদা , ৩১ মার্চ : রান্নার গ্যাস বুক করেও সময়মতো মিলছে না গ্যাস ডেলিভারি। গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে ফোন করলেও, ফোন ধরছে না কেউই। অফিসে এসেও মিলছে না সদুত্তর। উল্টে বন্ধ রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। মঙ্গলবার এরই প্রতিবাদে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্যাস গ্রাহকদের একংশ। এমনই ছবি নজরে এল মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই রয়েছে উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস নামে এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সেই অফিসের বিরুদ্ধেই সময়মতো গ্যাস ডেলিভারি না দেওয়া সহ বিস্তর অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্যাস গ্রাহকদের অনেকেই। তবে এই প্রথম নয়। এই গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধেই গত ২৪ তারিখ গ্যাস নিয়ে কালোবাজারি করার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রাহকদের একাংশ।